মহেশখালীতে মাছের ঘেরে লুটপাট, তুলে নিয়ে যাওয়া যুবকের লাশ বাঁশঝাড়ে

কক্সবাজারের মহেশখালীতে মাছের ঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে খুন করেছে দূর্বৃত্তরা।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়ে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

নিহত তোফায়েল আহমদ কালারমারছড়া ইউনিয়নের মো. শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী।

নিহতের স্বজনদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মাছের ঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুট করে। পরে চলে যাওয়ার সময় তোফাইল আহমদকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

তিনি বলেন, রোববার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পথেই তার মৃত্যু হয় বলে জানান।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm