আনোয়ারায় দুটি মহিষ হত্যার অভিযোগ উঠেছে। মহিষ দুটির অণ্ডকোষ কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন মালিক।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত কোনো একসময় বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার শঙ্খ নদীর প্রকল্পে এ ঘটনা ঘটে।
মহিষের মালিক শফিউল আজমের অভিযোগ, তিনি ওই এলাকায় নয়টি মহিষ পালন করেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে মহিষগুলোর পরিচর্যা শেষে তিনি বাড়ি ফিরে যান। পরদিন সকাল আটটার দিকে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পান। এর একটির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অন্যটির গলায় দড়ি বাঁধা ছিল।
তাঁর দাবি, মহিষ দুটির অণ্ডকোষ কেটে নিয়ে যাওয়া হয়েছে। মৃত মহিষ দুটির আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।
শফিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, আমার দুটি মহিষ মৃত অবস্থায় পড়ে আছে। ধারণা করছি, রাতে দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঘাত করে মহিষ দুটিকে হত্যা করেছে। দুটির অণ্ডকোষও কেটে নিয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।
এদিকে শফিউল আজমের ছেলে মো. নাজিম বলেন, রাত একটার দিকে আমি ওই স্থান দিয়ে যাওয়ার সময় মহিষগুলোকে বাঁধা অবস্থায় দেখেছিলাম। সকাল আটটার দিকে এসে একটি মহিষকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় মহিষটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাই।
জানতে চাইলে আনোয়ারা থানার এসআই মো. জাহাঙ্গীর আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দুটি মহিষকে গলায় দড়ি বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। দুটি মহিষেরই অণ্ডকোষ কেটে দেওয়া হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পূর্বশত্রুতার জেরে মহিষ দুটিকে হত্যা করে মালিককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


