চট্টগ্রামে বুধবার (৩১ জুলাই) গভীর রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আজ (১ আগস্ট) সকালেও অব্যাহত আছে সেই ভারী বর্ষণ। এ অবস্থায় পাহাড়ধসের সতর্কবার্তা থাকলেও পাহাড় ছাড়েনি কেউ, যায়নি আশ্রয়কেন্দ্রে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে নগরের বেশকিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। নগরের প্রবর্তক মোড়, পাঁচলাইশ, জিইসি মোড়, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহরসহ অনেক নিচু এলাকা এখন জলাবদ্ধ।
এদিকে পাহাড়ধসের শঙ্কায় রয়েছে নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো। এসব পাহাড়ে বসবাস করছে অসংখ্য পরিবার। পাহাড়ধসের ঝুঁকি থাকলেও আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না এসব পরিবারের সদস্যরা।
আলোকিত চট্টগ্রাম
