বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে হঠাৎ ২২০ ডিজিট কেন?

প্রি-পেইড মিটার রিচার্জের ক্ষেত্রে টোকেনে থাকে ২০ সংখ্যা। এই ২০ সংখ্যা চেপে রিচার্জ করেন গ্রাহকেরা। কিন্তু নতুন বছরের শুরুতে হঠাৎ ২০ সংখ্যার ডিজিটের বদলে চাপতে হচ্ছে ২২০ ডিজিটের সংখ্যা। ফলে রিচার্জে বেড়েছে ভোগান্তি। তবে টোকেনে কেন এ বাড়তি ডিজিট আসছে এর সঠিক তথ্য জানা নেই সংশ্লিষ্টদের।

জানা যায়, এর আগে বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর ফলে বাড়তি ডিজিটের ঝামেলায় পড়ে গ্রাহকেরা। তখন অনেকে ভিজিট চাপতে ভুল করায় মিটার লক হওয়ার মতো ঝামেলা পোহাতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু বাকলিয়া নয়; পিডিবি প্রিপেইড মিটারের আওতায় থাকা প্রায় সব গ্রাহক এ ভোগান্তির শিকার হচ্ছেন নতুন বছরের শুরু থেকে।

আরও পড়ুন : বিকাশের কাণ্ড—হঠাৎ বন্ধ পে বিল, বন্ধের দিনেও বিদ্যুৎ অফিসে ছুটছে মানুষ

গ্রাহকরা বলছেন, নতুন বছরের শুরুতে হয়ত আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সেই কারণে ২২০ ডিজিটের সংখ্যা আসছে। কারণ এর আগেও একই সমস্যায় পড়তে হয়েছিল।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের দাম বাড়েনি। কিন্তু কেন ২০ সংখ্যার বদলে ২২০ ডিজিট আসছে এর সঠিক কারণ জানা নেই। তবে বিদ্যুৎতের দাম নতুন করে বাড়ানো হয়নি বলে নিশ্চিত করেন তারা।

এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ বাকলিয়ার গ্রাহক মো. সেলিম বলেন, গত ডিসেম্বরেও ২০ ডিজিট দিয়ে মিটার রিচার্জ করেছিলাম। কিন্তু আজ (বুধবার) সন্ধ্যায় বিকাশ থেকে মিটার রিচার্জ করার পর দেখি ২২০ ডিজিটের লম্বা সংখ্যা। শুরুতে দেখে হতবাক হয়ে পড়ি। পরে পাশের এক দোকানদারের সহযোগিতার মিটার রিচার্জ সম্পন্ন করি।

তিনি বলেন, এর আগেও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে এত বড় সংখ্যা রিচার্জ করতে হয়েছিল। মনে হচ্ছে নতুন বছরের শুরুতে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে।

একই এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, একসঙ্গে ২২০ ডিজিট চাপতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। একটি ডিজিট ভুল হলে রিচার্জ সম্পূর্ণ হচ্ছে না। পরবর্তীতে পুনরায় আবার প্রথম থেকে করতে হচ্ছে। যা খুবই কষ্টসাধ্য।

আরও পড়ুন : চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

যোগাযোগ করা হলে বিদ্যুৎ ও বিতরণ বিভাগ বাকলিয়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, নতুন বছরের শুরুতে কেন ২২০ ডিজিট আসছে এর সঠিক কারণ জানা নেই। শুধু বাকলিয়া নয়, সবখানেই এরকম হচ্ছে। তবে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। সামনে এ ধরনের ভোগান্তি আর থাকবে না। কারণ এখন যেসব মিটার আসছে বা বসানো হচ্ছে সেগুলো সব স্মার্ট মিটার। সেখানে বাটন চাপার ঝামেলা থাকবে না। ডিজিট ঢুকাতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলেন তিনি।

কেবি আমান আলী রোডের নাহার টেলিকমের স্বত্বাধিকারী মো. জহির আলম বলেন, নতুন বছরের প্রথম দিন থেকে মিটার রিচার্জে ২২০ ডিজিট আসছে। কেন আসছি সেটা জানি না। তবে আমি গ্রাহকদের নিয়ম বুঝিয়ে দিচ্ছি কীভাবে ঢুকাতে হবে। এখন পর্যন্ত তেমন কেনো সমস্যা হয়নি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পিডিবি চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রিপেইড মিটারের সফটওয়্যার নতুনভাবে রিনিউ করার কারণে এ সমস্যা হয়েছে। তবে বিদ্যুতের কোনো দাম বাড়ানো হয়নি। তবুও আমি নিজেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি ডিজিট পূর্বের অবস্থায় রাখা যায় কিনা। কারণ গ্রাহকরা তো ভুল বুঝবেন।

তিনি আরও বলেন, কেউ যদি এ নিয়ে সমস্যায় পড়ে বা মিটার লক হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গেলে সমস্যার সমাধান করে দেবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm