চট্টগ্রামজুড়ে এখন ভয়াবহ লোডশেডিং। এরই মাঝে প্রিপেইড গ্রাহকদের বিদ্যুতের মূল্য বেড়েছে ১৭ শতাংশ। স্বস্তিতে নেই পোস্টপেইড গ্রাহকরাও। তারাও ভুগছেন অস্বাভাবিক বিলের আতঙ্কে।
তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ের মধ্যেই আগের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসায় বিপাকে পড়েছেন বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা। লোডশেডিংয়ের চরম প্রভাব পড়ছে শিল্পখাতেও। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উৎপাদন স্বাভাবিক রাখতে নির্ভর করতে হচ্ছে ডিজেলচালিত জেনারেটরের ওপর। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এ অবস্থায় অনেক কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।
চলতি বছরের এপ্রিলে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে প্রায় ৪১টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। এর ভয়ংকর প্রভাব পড়েছে চট্টগ্রামে। এতে বন্ধ হয়ে গেছে এখানকার প্রায় ১০টি বিদ্যুৎকেন্দ্র। দ্রুত গ্যাসের সংকট কাটিয়ে উঠতে না পারলে আরও বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক ৫ কোটিরও বেশি। এসব গ্রাহকের কেউ প্রিপেইড, আবার কেউ পোস্টপেইড গ্রাহক।
এদের মধ্যে বেশি অভিযোগকারী হচ্ছে পোস্টপেইড মিটার ব্যবহারকারীরা। ১৭ শতাংশ দাম বাড়ায় এখন বাড়তি টাকা গুণতে হচ্ছে প্রিপেইড গ্রাহকদের। অপরদিকে মাস শেষে অস্বাভাবিক বিল আসার অভিযোগ আছে অজস্র প্রিপেইড গ্রাহকের।
বাড়তি এই বিলের মধ্যেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে চট্টগ্রামে ভয়াবহ হয়েছে লোডশেডিং। চট্টগ্রামের এমনও এলাকা রয়েছে যেখানে সারাদিনের অর্ধেক সময়ও বিদ্যুৎ থাকে না!
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুজহাত জাহান বলেন, আমার বাসা হালিশহরে। মা-বাবা অসুস্থ। বর্তমানে আমাদের এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি এমন চার্জার ফ্যান দিয়ে পরিস্থিতি সামলানো যাচ্ছে না। এ অবস্থায় অসুস্থ মা-বাবাকে হাতপাখা দিয়ে বাতাস করতে হয়।
শুলকবহরের বাসিন্দা দুবাইপ্রবাসী মোশাররফ হোসাইন বলেন, ছুটিতে দেশে এসে চরম বিপাকে পড়েছি। লোডশেডিংয়ের এমন অবস্থা আইপিএসও দিয়েও কাজ হচ্ছে না। ব্যাকআপ দেওয়ার জন্য আইপিএসকেও তো চার্জ দিতে হবে, লোডশেডিং এতটাই ভয়াবহ সেই সময়টুকু মিলছে না।
জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আখন্দ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্যাস সংকটের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় লোডশেডিং বেড়েছে। গ্যাস সংকট কমলে গ্রাহকরা পরিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ পাবেন।
আলোকিত চট্টগ্রাম


