চীনের অর্থনীতি বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির মৃত্যু

চীনের অর্থনীতিকে বদলে দেওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। ‘বিশ্বের কারখানা’ বানানো দূরদর্শী এই সংস্কারকের মৃত্যুর তথ্য বুধবার (১২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলছে, বুধবার চীনের স্থানীয় সময় সকাল ১১টার দিকে বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর।

এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে, ক্ষুরধার-বাকপটু এই সংস্কারক ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্পে আমূল পরিবর্তন আনেন এবং দেশটিকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেন। এর মধ্যদিয়ে দেশটির অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরাণ্বিত করার কাজে সহায়তা করেন তিনি।

বিশ্বের অন্যান্য কমিউনিস্ট শাসিত দেশের সংস্কারের প্রশংসা করায় ঝুকে একসময় শারীরিক পরিশ্রমের জন্য প্রত্যন্ত গ্রামে নির্বাসনে পাঠানো হয়েছিল। সেই ঝু ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের শীর্ষ অর্থনৈতিক ‘প্রধানমন্ত্রী’ পদে বসে চোখধাঁধানো পরিবর্তনের ধারা বাস্তবায়ন করেছিলেন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে দক্ষ ও লাভজনক করে তোলার প্রক্রিয়ায় কমিউনিস্ট পার্টির রক্ষণশীল এবং রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি। এর ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও ২০১০ সালে জাপানকে পেছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে সহায়তা করে তার এই পদক্ষেপ।

এসব পরিবর্তন ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে চলে যায়। আর ২০০৭ সালে তা বেড়ে হয় ১৪ দশমিক ২ শতাংশ!

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদপত্র পিপলস ডেইলি বলেছে, ১৯৯৮ সালে ঝু বলেছিলেন— আমি এখানে ১০০টি কফিন প্রস্তুত রেখেছি, ৯৯টি দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য এবং একটি আমার নিজের জন্য।

তবে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর চীনের অর্থনীতির এই রূপকারকে জনসম্মুখে আর খুব বেশি দেখা যায়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm