চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি এখনো দিবাস্বপ্ন দেখছে। মানুষের খাদ্য চাহিদা পূরণে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের খাদ্য চাহিদা পূরণ করে প্রতি বছর লাখ লাখ টন খাদ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। দেশের মানুষ আজ না খেয়ে দিনাতিপাত করছে এমন কথা শোনাই যায় না। অথচ বিএনপি নেতারা বলে বেড়াচ্ছে দেশে নাকি দুর্ভিক্ষ হবে। দেশ নাকি ‘শ্রীলঙ্কা’ হয়ে যাবে। বিএনপির নেতাদেরকে বলতে চাই, বিদেশের তল্পিবাহক হয়ে, বিদেশে লবিং করে কোনো লাভ হবে না। নির্বাচনে জিততে হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।
আরও পড়ুন ১০ হাজার অসহায়কে খাবার দিলেন আ জ ম নাছির
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে নগরের মুরাদপুর মোড়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, থানা আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মামুন চৌধুরী, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এসকান্দর এসকো, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বাপ্পী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম খালেদ বাবলু, ইউনিট আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর, মো. ইদ্রিস, শাকিল মাহমুদ, আকতার ফারুক, অহিদ চৌধুরী মুক্তি, শফিকুল ইসলাম দিলু, জাহেদ, কফিল উদ্দিন, প্রিয়লাল, জাহেদুল আলম, মো. তৌহিদুল আলম ও নগর ছাত্রলীগ নেতা মো. রিয়াদ।
অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসআর/আলোকিত চট্টগ্রাম


