বিএনপির তারুণ্যের মহাসমাবেশে হঠাৎ হাজির তামিম ইকবাল, কী বললেন?

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র দাবিতে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে হলো বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এ সমাবেশে হঠাৎ হাজির হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) দুপুর ৩টায় সমাবেশ শুরু হয়। বিকেল ৫টার দিকে পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান তামিম। তাঁর আগমনের খবর মাইকে ঘোষণা করা হলে স্লোগানে স্লোগানে তামিমকে স্বাগত জানান নেতাকর্মীরা।

মঞ্চে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তামিম বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ডাক্তার নিষেধ করেছেন বেশি কথা বলতে, সুতরাং আবার আপনাদের সঙ্গে দেখা হবে।

হাজার হাজার জনতা এ সময় স্বাগত জানান তামিমকে। অবশ্য তামিমের সমাবেশে যোগ দেওয়ার খবর আগেই জানিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে তাঁর হৃদযন্ত্রে রিং পরানো হয়। এখন তিনি সুস্থ।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রাম মহানগর ও বিভাগের ৯৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পলোগ্রাউন্ড এলাকা।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm