মোটরসাইকেলের সামনে লেখা প্রেস, আর বুকে ঝোলানো প্রেস কার্ড। এভাবেই বাঁশখালী প্রধান সড়ক হয়ে চট্টগ্রাম নগরে আসছিলেন নুরুল আলম মুজাহিদ (৪২)। কিন্তু বাঁশখালী থানা পুলিশের অভিযানে তাঁর কাছে মিলল মাদক!
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মুজাহিদকে আদালতে সোর্পদ করে বাঁশখালী থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টায় বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্টে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় প্রেস লেখা মোটরসাইকেলে আসেন মুজাহিদ। তাঁর বুকে ঝোলানো ছিল প্রেস কার্ড। যেখানে লেখা আছে তিনি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার।
মুজাহিদের মোটরসাইকেল তল্লাশি করে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়। জব্দ করা হয় তাঁর মোটরসাইকেল।
মুজাহিদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালীল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, বাইকে প্রেস লিখে এবং বুকে প্রেস কার্ড ঝুলিয়ে মাদক পাচারের সময় মুজাহিদকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি মূলত মাদক পাচারের জন্য পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছিলেন।
ইউবি/আলোকিত চট্টগ্রাম


