ফটিকছড়িতে বেপরোয়া গতিতে চলে চাঁদের গাড়ি, মুহূর্তেই লাশ যুবক

ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জিপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাকিল (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার ২১ নম্বর খিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিনের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান জানান, দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সরু সড়কে এসব চাঁদের গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে। অধিকাংশ চালক অদক্ষ হওয়ায় প্রায়সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত এসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm