পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি

সাংবাদিক সৈকতের মুক্তি দাবিতে মানববন্ধন

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তি দাবি করেন।

রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি সোহাগ আরেফিন, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলার সহসভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি এবং নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন।

রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে’র সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানায় মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নন, তিনি অনেক সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত একজন সমাজকর্মী। গত মঙ্গলবার দুপুরে হঠাৎ তাকে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। দু’ঘণ্টা পরও আমরা বুঝতে পারিনি সৈকত রঞ্জনের সঙ্গে ঠিক কী হয়েছে। পরে আমরা পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারি, তাকে ডিবি তুলে নিয়ে গেছে। অথচ তাঁর নামে কোনো মামলা ছিল না, কোনো ওয়ারেন্ট ছিল না।

বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। ‘২৪-পরবর্তী আমরা ভেবেছিলাম, এসব আর হবে না; কিন্তু তা এখনো অব্যাহত আছে। আমরা ভীতিমুক্ত, শঙ্কামুক্ত পরিবেশ চাই এবং সাংবাদিক সৈকতের মুক্তির দাবি জানাচ্ছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm