পাহাড়ে পড়ে আছে হাতি, নিয়ে গেছে বড় দুটি দাঁত!

বাঁশখালীতে একটি বন্য হাতিকে হত্যার পর দাঁত খুলে নিয়ে গেছে শিকারিরা।

বুধবার (৯ এপ্রিল) বন বিভাগের জলদী রেঞ্জের আওতাধীন জঙ্গল জলদী মনুরমার ঝিরি পাহাড়ি এলাকায় হাতির মরদেহ পড়ে ছিল। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা জিডি হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিটির দুটি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। মুখের ভেতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। চার পায়ের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন আছে। হাতিটি পচে ফুলে গন্ধ ছড়াচ্ছে।

আরও পড়ুন : চকরিয়ায় আবারও বন্য হাতির মৃত্যু

কালীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ বলেন, পুরুষ হাতির সর্বমোট ২৬টি দাঁত থাকে। হাতির বিশালাকার দুটি দাঁত শোভাবর্ধন করে বলে এই মূল্যবান দাঁত সংগ্রহের জন্য শিকারিরা হাতিকে হত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের জলদী রেঞ্জের জলদী বনবিট কর্মকর্তা মো. শাহ আলম প্রধানীয়া বলেন, হাতিটিকে হত্যা করা হয়েছে, নাকি দলছুটের কারণে মারা গেছে জানি না। তবে হাতির বড় দুটি দাঁত নিয়ে গেছে। কারা নিয়ে গেছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখনও হাতির ময়নাতদন্ত, জিডি কিংবা মামলা হয়নি। প্রকৃত ঘটনা জানার পর ময়নাতদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

যোগাযোগ করা হলে বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ আলোকিত চট্টগ্রামকে বলেন, হাতির ময়নাতদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm