চকরিয়ায় আবারও বন্য হাতির মৃত্যু

চকরিয়া আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকার তামাকখেত থেকে হাতির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি একটি বন্য হাতি মৃত অবস্থায় পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এটি এশিয়ান প্রজাতির হাতি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর।

আরও পড়ুন : আনোয়ারা ও চকরিয়ায় বন্য হাতি পিষে মারল ২ বৃদ্ধাকে

মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত করতে ভেটেরিনারি সার্জন আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতাল ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোন্তাকিম বিল্লাহ বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত চলছে। শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এর আগে ৭ জানুয়ারি উপজেলার ফাঁসিয়াখালীর সীমান্তবর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় হাতির আক্রমণে ফরিদুল আলম পুতু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়। ওই কৃষকের তামাকখেতে বিদ্যুৎস্পৃষ্টে একটি মা হাতির মৃত্যু হয়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm