দ্বৈত বাস্তবতায় ‘গুরুত্বপূর্ণ’ সড়কটি, এক সিদ্ধান্তে বদলে যাবে চিত্র

অদ্ভুত দ্বৈত বাস্তবতায় আটকে আছে পটিয়ার শান্তিরহাট থেকে ভাইয়ের দিঘি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি। যানবাহনের চাপ বাড়লেও সড়কটিতে হচ্ছে না প্রত্যাশিত উন্নয়ন। কারণ সড়কটির ব্যবস্থাপনায় এখনও আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরর (এলজিইডি)। অথচ এটি যদি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের হস্তান্তর করা হয় তাহলে বদলে যাবে চিত্র।

সরেজমিনে দেখা গেছে, জিরি, কাশিয়াইশ, আশিয়া, ছনহরা, ভাটিখাইন ও কচুয়াই ইউনিয়নের বিস্তীর্ণ জনগোষ্ঠীর একমাত্র নির্ভরতা এই সড়ক। কিন্তু জায়গায় জায়গায় ভাঙাচোরা অংশ, সরু প্রস্থ, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ— সবমিলিয়ে এটি এখন দুর্ভোগের আরেক নাম।

সড়কটি দীর্ঘদিন ধরে এলজিইডির আওতায় রয়েছে। তবে সড়কটির গুরুত্ব, যানবাহনের চাপ এবং আঞ্চলিক যোগাযোগের বাস্তবতা বিবেচনায় এটি সওজ বিভাগের অধীনে নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

সড়কটি এখন বাস্তবতার সঙ্গে প্রশাসনিক কাঠামোর এক স্পষ্ট অসামঞ্জস্যের উদাহরণ। কাগজে-কলমে এটি একটি গ্রামীণ সড়ক, কিন্তু বাস্তবে এটি একটি ব্যস্ত আঞ্চলিক করিডোর, যেখানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা বলছেন, জিরি, কাশিয়াইশ, আশিয়া, ছনহরা, ভাটিখাইন ও কচুয়াই ইউনিয়নের হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল— সবকিছুর জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ রুট। কিন্তু এলজিইডির আওতায় থাকায় সড়কটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ পর্যাপ্তভাবে হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এই সড়ক ঘিরে রয়েছে কৃষি ও স্থানীয় বাজারভিত্তিক অর্থনীতি। প্রতিদিন সবজি, ধান, মাছসহ বিভিন্ন পণ্য পরিবহন হয় এই পথে। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়ে যায়, নষ্ট হয় সময়। আবার অনেক সময় নষ্ট হয়ে যায় পণ্যও।

স্থানীয় কৃষক আবদুল আজিজ বলেন, রাস্তার কারণে আমরা সরাসরি শহরে পণ্য নিতে পারি না। মাঝখানে দালালের কাছে কম দামে বিক্রি করতে হয়।

স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি চলাচল করে। কিন্তু সড়কটি সরু এবং অনেক জায়গায় ভাঙাচোরা। সওজের অধীনে গেলে সড়কটি প্রশস্ত ও টেকসই হবে। এতে ব্যবসা-বাণিজ্য অনেক বাড়বে।

শিক্ষার্থী তামিম বলেন, স্কুল-কলেজে যাতায়াতে আমাদের অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বড় প্রকল্পের মাধ্যমে উন্নয়ন দরকার।

বর্তমানে শান্তিরহাট থেকে পিঙ্গলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক ইতোমধ্যে সওজের আওতায় রয়েছে। বাকি অংশটুকুও এই বিভাগের অধীনে এলে পুরো সড়কটি একীভূত হয়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আশিয়া ইউনিয়ন পরিষদ সদস্য হাসেম উদ্দিন চৌধুরী উদ্দিন বলেন, এই সড়কটি সওজ নিলে এটি আঞ্চলিক মহাসড়কের মতো উন্নত করা সম্ভব। এতে চট্টগ্রাম শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে, কমবে দূরত্ব।

সরেজমিনে সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, কোথাও পিচ উঠে গেছে। আবার কোথাও বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে অনেক অংশ কাদামাটিতে ঢেকে গিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।

অটোরিকশা চালক মোহাম্মদ মিয়া বলেন, এই সড়ক এখন আর গ্রামীণ নেই, প্রতিদিন বড় বড় গাড়ি চলে। কিন্তু রাস্তার অবস্থা সেই আগের মতোই।

কৃষক আবদুল গফুর বলেন, সড়কটি ঘিরে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। উন্নত সড়ক না থাকায় অনেক সময় উৎপাদিত ফসল দ্রুত বাজারে নেওয়া যায় না। ভালো রাস্তা হলে আমরা সরাসরি শহরে পণ্য নিতে পারব। এতে আমাদের আয় বাড়বে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সওজের চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, এই ধরনের সড়ক আমাদের অধীনে নিতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। স্হানীয় সংসদ সদস্যের ডিউ লেটার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রস্তাব প্রয়োজন। যদি স্থানীয় প্রশাসন ও এলজিইডি থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের অধীনে এলে সড়কটি প্রশস্তকরণ, টেকসই নির্মাণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনা সম্ভব।

যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা এলজিইডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সড়কটি মূলত গ্রামীণ সংযোগের জন্য পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার অনেক বেড়ে গেছে। আমাদের ডিজাইন ও বাজেট সীমিত, তাই বড় ধরনের প্রশস্তকরণ বা হেভি ট্রাফিক সামলানোর মতো উন্নয়ন করা কঠিন।

তিনি আরও বলেন, আমরা সড়কটির উভয় পাশে বাড়াতে চাই। কিন্তু কেউ জায়গা দিতে চাইছে না। প্রতিবন্ধকতার কারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি বড় করা যাচ্ছে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm