টেরা কালু পালিয়ে গেলেও ঘরে ফেলে গেল অস্ত্র

রাউজান থানার বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহর কাজীর বাড়িতে পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু ওরফে টেরা কালুর (৪০) বসতঘরে এ অভিযান চালানো হয়।

অভিযানে টিনসেড ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২টি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি নুরুল আমীন প্রকাশ কালু কৌশলে পালিয়ে যায়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, পলাতক আসামি নুরুল আমিন প্রকাশ কালু ওরফে টেরা কালু হেফাজতে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বসতঘর থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এসআই (নি.) খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে মো. জাহেদ নামের এক ব্যক্তির পায়ে গুলি করার অভিযোগ রয়েছে সন্ত্রাসী নুরুল আমীন প্রকাশ কালু ওরফে টেরা কালুর বিরুদ্ধে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm