টার্গেট রমজান—ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসলেন পুলিশ কমিশনার

পবিত্র মাহে রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ।

সভায় রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ, মার্কেটে চুরি-ছিনতাই-চাঁদাবাজি ও বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, মার্কেট ও বাণিজ্যিক এলাকায় স্ব স্ব নিরাপত্তা কর্মী মোতায়েন, ক্রেতা সাধারণের নিরাপত্তা ও যানজট নিরসনে পে-পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ব্যবসায়ী নেতারা তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য দেন। সভায় পুলিশ কমিশনার ব্যবসায়ী নেতাদের সব ধরনের সহায়তা করা হবে বলে জানান।

আরও পড়ুন : চট্টগ্রামে গোপন অস্ত্রের আস্তানা ভাবিয়ে তুলেছে পুলিশকে

এছাড়া সভায় সিএমপি কমিশনার যানজট, ছিনতাই, অবৈধ মজুতদারি ও চাঁদাবাজি রোধে ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করার আহ্বান জানান। এ বিষয়ে সিটিজেন ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে কাজ করতে থানা ও ট্রফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সকল পুলিশ সদস্যকে নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং নারী ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে নারী পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতাদের প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনসহ স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

যান চলাচল স্বাভাবিক রাখতে, বিশেষ করে অননুমোদিত গাড়ি শহরে প্রবেশ বা চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।

এছাড়া পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও অবৈধ মজুদদারি করে কৃত্রিম সংকট না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন পহেলা রমজান থেকে জনজীবনে যাতে কোনো দুর্ভোগ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় নগরবাসী ও ব্যবসায়ীসহ সকল ধর্মের মানুষ যাতে স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে সেই লক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আশফাকুজ্জামান আকতার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের অন্যান্য ইউনিটের প্রতিনিধি, চট্টগ্রামের চেম্বার নেতা, ব্যবসায়ী, আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, দোকান মালিক সমিতির ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm