চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১২ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১১টি রামদা, একটি করাত, একটি শাবল, একটি প্লায়ার, একটি স্পেনার এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ মে) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর নতুন ব্রিজ ঘাট থেকে বোট নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ডাকাতি করতে যায় একদল ডাকাত। খবর পেয়ে এদিন রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ডের একটি দল সেখানে পৌঁছায়।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারে লুটপাট, ৪ জলদস্যু ধরা খেল অস্ত্রসহ
বিসিজি বেইস চট্টগ্রামের অভিযানে যাওয়া দলটির সদস্যরা ছদ্মবেশে বর্হিনোঙরের কয়েকটি বোটে অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বর্হিনোঙর থেকে আনুমানিক দুই মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এসময় বোটে থাকা ডাকাতেরা পালানোর চেষ্টা করে।
পরে উত্তাল সমুদ্রে এক ঘণ্টা ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় বোটে তল্লাশি করে ১১ টি রামদা, একটি করাত, একটি শাবল, একটি প্লায়ার, একটি স্পেনার এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের বরাত দিয়ে লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, ডাকাত দলের সর্দার আকবরের নির্দেশে ও সালাউদ্দিনের নেতৃত্বে বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে তারা বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যায়। এছাড়া তারা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।
তিনি আরও বলেন, আটক ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএস/আরবি


