জালিয়াতি করে গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাতে দুদকের মামলায় চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) তিন কর্মচারীকে জেলে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তারা জামিন আবেদন করেন।
তারা হলেন- পোস্টাল অপারেটর জয়নাল আবেদীন, কবির আহমেদ ও মো. হাসান।
আরও পড়ুন: যাবজ্জীবন জেলে থাকতে হবে ৩ সোনা চোরাকারবারিকে
বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রাহকের ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩০০ টাকা আত্মসাতের ঘটনায় জিপিওর তিন কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তারা জামিন আবেদন করেন।
তিনি আরও বলেন, জিপিওর সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ ও পোস্টাল অপারেটর সরওয়ার আলম খান উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত গ্রাহকের টাকা সঠিক হিসাবের পরিবর্তে ভুয়া নাম-ঠিকানা ও ছবি দিয়ে করা হিসাবে জমার পর উত্তোলন করেন পাঁচ কর্মকর্তা-কর্মচারী।
এরপর ২০২০ সালের ২৬ আগস্ট জিপিওর ঊর্ধ্বতন পোস্ট দমাস্টার ড. মো. নিজাম উদ্দিন সঞ্চয় শাখা আকস্মিক পরিদর্শন করেন। এসময় তিন আমানতকারীর হিসাবের লেজারে ৪৫ লাখ টাকা জমা দেখালেও ওই টাকা সরকারি খাতে না দিয়ে উত্তোলনের প্রমাণ পান। একই বছরের ২১ অক্টোবর জিপিওর সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ ও পোস্টাল অপারেটর সরওয়ার আলম খানের নামে মামলা করে দুদক।


