সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় ‘বড়’ দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ লিফটের তার ছিঁড়ে পড়ে গিয়ে মুহূর্তেই লাশ হয়ে গেছেন দুযুবক। নিহত দুযুবক ঠিকাদারের অধীনে ওই কারখানায় কাজ করতেন।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের রড তৈরির এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে মো. রিফাত (২৫) এবং সীতাকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের রোসনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (১৯)। তারা দুজন ঠিকাদারের অধীনে কারখানায় এসির কাজ করতেন।
আরও পড়ুন : জিপিএইচ ইস্পাতের বেপরোয়া গাড়ি পিষে মারল কারখানার সিকিউরিটি গার্ডকে
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে কারখানায় এসির কাজ করার সময় হঠাৎ লিফটের তার ছিঁড়ে পড়লে দুজন গুরুতর আহত হযন। এসময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারখানায় দায়িত্বরত কর্মকর্তা অভিক ওসমান বলেন, নিহত দুজন ঠিকাদার নুরছাফার তত্ত্বাবধানে কাজ করেন। তারা দুজনেই সকালে নিয়ম না মেনে স্ক্র্যাপ উত্তোলনে ব্যবহার হওয়া পাঁচশ কেজি ধারণ ক্ষমতার একটি লিফটে করে উপরে উঠতে গেলে তার ছিঁড়ে পড়ে গিয়ে নিহত হন।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো. আলমগীর আলোকিত চট্টগ্রামকে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় মোস্তফা ও রিফাত নামে দুশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএমই/আলোকিত চট্টগ্রাম


