জাসদের প্রধান কার্যালয়ে কেন পুলিশের অভিযান?

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর তিনটা থেকে এ অভিযান চলছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতাসহ অনেককে আটক করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকেল পৌনে পাঁচটার দিকে জানান, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। সেখানে বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নিয়ে এসেছে।

আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যাচাই–বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল শনিবার। সারাদেশ থেকে প্রায় ৪০০ নেতাকর্মী প্রতিনিধি সভায় এসেছিলেন। সকাল সাড়ে ১০টায় তাঁদের অনুষ্ঠান শুরু হয়।

তিনি অভিযোগ করেন, প্রথমে বিএনপির নেতাকর্মীরা এসে তাঁদের নেতাকর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকেলে পুলিশ এসে নেতাকর্মীদের আটক করতে শুরু করে। তাঁদের কোনো নেতাকর্মী বের হতে পারেননি। পর্যায়ক্রমে সবাইকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সাজ্জাদ হোসেন আরও বলেন, জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে।

আবু জাফর সূর্য কেন সেখানে গিয়েছিলেন জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, উনি জাসদ সমর্থক। সেজন্য দলের কার্যালয়ে এসেছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm