চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ১২ কিশোর-তরুণ।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— জাহেদ, সাইফুল, বিজয়, আকাশ, আরফাত, মিনহাজ, ফোরকান, ইকবাল, আকিব ও আদর। তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি। তাদের বেশিরভাগের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তদের বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।
আটক যুবক জাহেদের বাবা মো. জাহাঙ্গীর আলম বলেন, ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে— এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।
জানা গেছে, এসব কিশোর-যুবক ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করে তারা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, যদি আটক কিশোরদের রাজনৈতিক উদ্দেশ্যে না থাকে, তবে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। তাদের মতে, কম বয়সীরা অনেক সময় না বুঝে এমন কাজ করে বসে যা সংশোধনের সুযোগ থাকা উচিত।
জেজে/আলোকিত চট্টগ্রাম

