চুরির স্বর্ণ ও টাকা শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছিল নিউটন

মিরসরাইয়ে জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ১৪ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা চুরির ঘটনায় নিউটন ধর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেওয়া তথ্যে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে খাগড়াছড়ি জেলার সদর থানার পাহাড়ি এলাকা নিউটনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় দোকান মালিক কৃষ্ণ কুমার ধর (৩৮) বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেছিলেন।

গ্রেপ্তার নিউটন ধর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তুলাতলি এলাকার মোহন প্রসাদ ধরের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামের হেমসেন লেইনে দিনদুপুরে সোনা—ল্যাপটপ চুরির নেপথ্যে ৩ যুবক

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট দুপুরে আধুনিক ডাইস কাটিং চেইনঘর জুয়েলারি দোকানের কর্মচারী নিউটন ধর ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। মামলার পর রোববার রাত ২টার দিকে খাগড়াছড়ি জেলার সদর থানার পাহাড়ি এলাকা থেকে অভিযুক্ত নিউটনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরির স্বর্ণালংকার ও নগদ টাকা তার শ্বশুরবাড়িতে রয়েছে। এরপর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আধুনিক ডাইস কাটিং চেইনঘরের স্বত্বাধিকারী কৃষ্ণ কুমার ধর বলেন, আমার দোকানে নিউটনসহ ৪ জন কর্মচারী নিয়োজিত ছিল। নিউটন ৭ মাস আগে চাকরি নেয়। ঘটনার দিন সকালে অন্য কর্মচারীরা স্নান করতে যাওয়ার সুযোগে নিউটন দোকানে থাকা স্বর্ণ ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় আমি থানায় মামলা করি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার আলোকিত চট্টগ্রামকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি নিউটন ধরকে পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকার শ্বশুরবাড়ি থেকে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ (২৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm