চাঁদপুরের হরিণা ফেরি ঘাট এলাকার মেঘনা নদী। এখানে নোঙর করা এমভি আল-বাখেরা জাহাজে মিলল একে একে ৫টি লাশ। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচেনি দুজন। সন্থ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সবমিলিয়ে লাশ ৭ জন। জীবন্ত এ মানুষরা কীভাবে লাশ হয়ে গেল তা এখনও অজানা৷
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর এমভি আল-বাখেরা জাহাজে লাশের খবর পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশে কোস্টগার্ডের ঢাকা জোনের স্টাফ অফিসার লে. কর্নেল শামস।
জানা গেছে, এমভি আল-বাখেরা জাহাজটি হরিণা ফেরি ঘাট এলাকার মেঘনা ঘাটে নোঙর করা অবস্থায় ছিল। দুপুরের দিকে জাহাজটিতে গিয়ে পৌঁছায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।
এর আগে ট্রিপল নাইনের মাধ্যমে চাঁদপুর নৌ পুলিশ জানতে পারে এমভি আল বাহেরা জাহাজে লাশ পাওয়ার কথা। জাহাজে গিয়ে পাঁচজনের লাশ পাওয়া যায়। এছাড়া আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয় ৩ জনকে। তাদের চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন।
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুল ইসলাম বলেন, আহত অবস্থায় তিনজনকে আনা হয়। দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিতে কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে এখনো কেউ স্পষ্ট করে জানাতে পারেনি।
এদিকে স্যোশাল মিডিয়াজুড়ে আজ দুপুর থেকে সাগরে জাহাজে ডাকাতি হয়েছে বলে আলোচনা চলছিল। কিন্তু চট্টগ্রামের কোস্টগার্ড কিংবা নৌ পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য ছিল না। পরে খবর পাওয়া যায়, ঘটনাটি চাঁদপুরের মেঘনা ঘাটে ঘটেছে।
নৌ পুলিশ নিশ্চিত হয়েছে, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল এমভি আল বাকেরা জাহাজটি।
নৌ পুলিশের ধারনা, চাঁদপুরের মেঘনায় কার্গো জাহাজে গত রাতে ডাকাতিকে কেন্দ্র করে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
চাঁদপুর নৌ জোনের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বলেন, আমরা যে জিজ্ঞাসাবাদ করবো এমন কাউকে পাচ্ছি না। যাদের আহত অবস্থায় উদ্ধার করেছি তাদের জিজ্ঞাসাবাদ করার মতোও পরিস্থিতি নেই। তারা গুরুতর আহত।
আলোকিত চট্টগ্রাম

