চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা—রিমান্ডে ৮ আসামি

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৮ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তাদের ৭ দিনের রিমাণ্ডের আবেদন করেন।

রিমাণ্ডের আসামিরা হলেন— ইমন চক্রবর্তী, সুজন দাশ, সৌরভ দাশ, রফিক, সুমন দাশ, রুপন দাশ, আহমেদ হোসেন ও সাকিবুল আলম।

এ বিষয়ে আদালতের এপিপি অ্যাড. রিয়াদ উদ্দীন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেক আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : চট্টগ্রামে এবার হেফাজতের মামলা, চিন্ময় ব্রহ্মচারীসহ আসামি ৬ শতাধিক

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে চিন্ময় ব্রহ্মচারীকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে শুরু হয় বিক্ষোভ। চিন্ময় ব্রহ্মচারীর অনুসারীরা প্রায় তিন ঘণ্টা গাড়িটি আটকে রাখেন। একপর্যায়ে দুপুর তিনটার দিকে পুলিশ-বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। পরে নগরের রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম আদালতে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাতের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে তিনটি, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাঁর বাবা ও ভাই মিলে দুটিসহ মোট পাঁচটি মামলা হয়। সম্প্রতি এনামুল হক নামে এক হেফাজতকর্মী আরও একটি মামলা করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm