চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, কমছে না করোনা

চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪ জন। আর করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ৬৯৯ জন এবং করোনা রোগী ২১৪ জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের, করোনায় ৮ জনের।

রোববার (২০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে সূত্রে এসব তথ্য জানা যায়।

ডেঙ্গু প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪ জনের মধ্যে ২০ জন সরকারি হাসপাতালে ও ৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা—ডেঙ্গুতে নারীর চেয়ে বেশি আক্রান্ত পুরুষ

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬৯৯ জনের মধ্যে ৩২১ জন নগরের এবং ৩৭৮ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাইয়ে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, ১৯৪ জন।

এর আগে গত জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন।

ডেঙ্গু আক্রান্ত ৬৯৯ জনের মধ্যে পুরুষ ৩৮৭, নারী ১৯৭ এবং শিশু ১১৫ জন। আর মারা যাওয়া ৩ জনের সবাই পুরুষ। এদের মধ্যে একজন জানুয়ারিতে, ১ জন এপ্রিলে ও ১ জন জন চলতি মাসে মারা যান।

এদিকে নগরের চেয়ে উপজেলায় বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা। বাঁশখালী ও সীতাকুণ্ড—এ দুই উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

আরও পড়ুন : করোনা রোগী বেশি নগরে, উপজেলায় ডেঙ্গু

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যমতে, উপজেলায় আক্রান্ত ৩৭৮ জনের মধ্যে লোহাগাড়ায় ২৩ জন, সাতকানিয়ায় ২৪ জন, বাঁশখালীতে ৯১ জন, আনোয়ারায় ২৯ জন, চন্দনাইশে ৭ জন, পটিয়ায় ৯ জন, বোয়ালখালীতে ৫ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, রাউজানে ১৪ জন, ফটিকছড়িতে ৬ জন, হাটহাজারীতে ৬ জন, সীতাকুণ্ডে ৭০ জন, মিরসরাইয়ে ৮ জন, কর্ণফুলীতে ৩ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। ৪ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৯টি ল্যাবে ৬০ নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ২১৪ জন। এদের মধ্যে নগরে ১৯২ জন, উপজেলায় ২২ জন। এছাড়া করোনায় মারা ৮ জনের মধ্যে ৩ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm