চট্টগ্রামে সালিস বৈঠকে মো. সোহানুর রহমান রোকন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রোকন স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পঞ্চম তলার ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
রোকনের বাবা নুর মোহাম্মদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তারাবির নামাজের পর একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষ পর্যায়ে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল ভাড়াটিয়া রোকনকে হত্যার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করে। এতে রোকনের মাথায় ১৩টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নুর মোহাম্মদ।
স্থানীয় সূত্র জানায়, সালিস বৈঠকে কেউ একজন লাঠি নিয়ে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম
