আনোয়ারায় বেপরোয়া ট্রাকে শিশুসহ রক্তাক্ত ৪

আনোয়ারায় ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চারজন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে একটি অটোরিকশা আনোয়ারার দিকে আসছিল। কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি ড্রাম ট্রাক ঘোরানোর সময় অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে গাড়িতে থাকা চারজন আহত হন। তারা হলেন— টুনটু জলদাস (৩০), কান্তিক ধর (৩৫), ইকন ধর (১৯) ও বিধান ধর (১০)। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm