মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় একটি নৌকা টেকনাফ উপকূলে ডুবে গেছে। এতে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। তবে নৌকায় থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে তাদের টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফ বাহারছড়া করাচিপাড়া সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধারের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, রাতে আমরা দুজনের লাশ উদ্ধার করি। বাহারছড়া কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্রসৈকত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দেখে মনে হচ্ছে উপকূলের কাছে এসে ট্রলারটি ডুবে গিয়েছিল।
এদিকে উদ্ধার হওয়া উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, আমি ও আরেকজন বৌদ্ধ ধর্মের ছেলে এক বছর মিয়ানমার কারাভোগ করেছি। দেশে আসার কোনো উপায় না পেয়ে রোহিঙ্গাদের সঙ্গে নৌকায় আসছিলাম। বাহারছড়া কাছাকাছি এসে আমাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় আমরা ১৯ জন ছিলাম। এর মধ্যে এক শিশু ও এক মহিলা মারা গেছে। আরেকজন নিখোঁজ রয়েছে। বাকি ১৬ জনকে কোস্টগার্ড উদ্ধার করে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, বাহারছড়া এলাকায় একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় কোস্টগার্ড ১৬ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ১৬ জনকে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/আলোকিত চট্টগ্রাম


