দেশে ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহানগরসহ দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানো হচ্ছে ১৭ পয়সা করে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারে বাড়ে এক পয়সা। এবার ডিজেলের দাম লিটারে বেড়েছে ২০ টাকা। বিআরটিএ কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত দিয়েছে।
এদিকে নতুন ভাড়ার হার কেবল ডিজেলচালিত সাধারণ বাসের জন্য কার্যকর হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনের ভাড়াও সরকারি নির্ধারিত নয়। ফলে এসব যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে নতুন এই ভাড়ার হার প্রযোজ্য হবে না বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।
নতুন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব ধরা হয়েছে। তবে দূরপাল্লার অনেক পরিবহনে যাত্রীদের আরাম নিশ্চিত করতে ৫২ আসনের বাসের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ফলে আসনসংখ্যা কমানো বাসের ক্ষেত্রে ভাড়ার পরিমাণও তুলনামূলক বেশি হতে পারে।
বিআরটিএ সূত্র বলছে, দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে তালিকা প্রস্তুত করে প্রকাশ করতে আরও এক-দুদিন সময় লাগতে পারে।
এর আগে ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। অবশ্য চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
আলোকিত চট্টগ্রাম
