চট্টগ্রাম ডেঙ্গুতে আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেবু চরণ ভৌমিক (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮-এ। এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। তবে করোনায় নতুন করে কেউ রোগী শনাক্ত হয়নি। চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন আরও ২২ জন।
রোববার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে মৃত্যু—আক্রান্তে জুলাইয়ে ‘ভয়ঙ্কর’ ডেঙ্গু
ডেঙ্গু প্রতিবেদনে বলা হয়, মৃত্যু হওয়া শেবু চরণ ভৌমিক সীতাকুণ্ড উপজেলার ৩ নম্বর ছোবহানবাগ ওয়ার্ডের মন্দির রোড এলাকার বাসিন্দা। শনিবার (২৬ জুলাই) তাকে নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম এবং মাল্টি-অর্গান ফেইলিউর’ উল্লেখ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৪ জন সরকারি হাসপাতালে এবং ৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু।
সর্বশেষ ডেঙ্গুতে মারা যান দুজন। এদের মধ্যে একজন তরুণী ও একজন যুবক। সুমাইয়া জান্নাত (২০) নামের ওই তরুণী গত ১ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিল। লোহাগাড়া উপজেলার এই তরুণী গত ২৩ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন হোসাইন (২৭) নামে আরেক যুবকের মৃত্যু হয়। তিনি পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গত ২৩ জুলাই তিনি চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেঙ্গু প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৮১১ জনের মধ্যে ৩৭৪ জন নগরের এবং ৪৩৭ জন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে পুরুষ ৪৩১, নারী ২৩১ এবং শিশু ১৩১ জন। মারা যাওয়া ৮ জনের ৭ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে একজন জানুয়ারিতে, ১ জন এপ্রিলে এবং ৬ জন জুলাইয়ে মারা যান।
আরও পড়ুন : চট্টগ্রামে আক্রান্তে এগিয়ে ডেঙ্গু—চিকুনগুনিয়া, মৃত্যুতে করোনা
এর আগে গত জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। আর চলতি মাসের সবচেয়ে বেশি আক্রান্ত, ৩১৪ জন।
এদিকে ১০টি সরকারি-বেসরকারি ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। চলতি মাস এখন পর্যন্ত মোট ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১৬ জন পুরুষ ও ১০৯ জন নারী। এছাড়া মৃত্যু হয়েছে ৯ জনের।
অপরদিকে ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬৪ জনে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


