চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে ৭ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩০ জনে। এদের মধ্যে ১১৭ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং বাকি ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া সালেহা বেগম (৪০) মিরসরাই উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডায়বেটিস এবং হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনার সেঞ্চুরি পার, আরও এক হাসপাতালে আইসোলেশন সেন্টার

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮ পরীক্ষা কেন্দ্রে ৯৬ নমুনা পরীক্ষায় আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৪ জন এবং এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়। চলতি মাসে করেনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

এর আগে গত ২৩ জুন ২ জন, ২২ জুন ২ জন, ২০ জুন ১ জন এবং ১৬ জুন করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়। তারা হলেন— নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০), নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), নগরের বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১) এবং মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫)।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm