চট্টগ্রামে আবারও করোনায় একজনের মৃত্যৃ হয়েছে। এ নিয়ে দুজনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। সবমিলিয়ে আক্রান্ত ৬২ জন।
শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নগরের বাকলিয়ার বাসিন্দা ফজিলাতুন্নেছা (৭১) শুক্রবার (২০ জুন) মারা যান। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফজিলাতুন্নেছা। কোভিড আক্রান্ত হয়ে তিনদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় মৃত্যুর আঘাত
এর আগে গত ১৬ জুন করোনায় শফিউল ইসলাম (৭৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একাধিকবার ডায়ালাইসিসও নিয়েছিলেন তিনি। করোনা শনাক্ত হওয়ার পরও তিনি স্বেচ্ছায় বাড়ি চলে গিয়েছিলেন। বাড়ি যাওয়ার পর তিনি মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রতিবেদনের তথ্য বলছে, চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১২ নমুনা পরীক্ষায় ১ জন, শেভরনে ১৬ নমুনা পরীক্ষায় ৩ জন এবং এপিক হেলথ কেয়ারে ২৫ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। তবে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৮ নমুনা পরীক্ষা, ন্যাশনাল হাসপাতালে ৬ নমুনা পরীক্ষা এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৪ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।
মোট আক্রান্ত ৬২ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২৬ ও শিশু ১ জন। এর মধ্যে নগরের ৫৫ জন এবং উপজেলার ৭ জন।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনার হাফ সেঞ্চুরি, ডেঙ্গুর ট্রিপল
অপরদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন। এর মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩৫৬ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ১৬১ জন নগরের এবং ১৯৫ জন উপজেলার বাসিন্দা। চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি।
এছাড়া মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪ জন, নারী ৯৬ জন এবং শিশু ৫৫ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


