আনোয়ারা ও চকরিয়ায় বন্য হাতি পিষে মারল ২ বৃদ্ধাকে

চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া আনোয়ারায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামে আরেক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নস্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এবং বটতলী গ্রামের গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

তাহেরা বেগম একই এলাকার সুলতান আহমদের স্ত্রী। হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। তিনি গুচ্ছগ্রাম প্রকল্পের একজন উপকারভোগী।

আরও পড়ুন : আনোয়ারায় রাতের আঁধারে বনের ৩ হাতি লোকালয়ে, এবার লাশ ২

স্থানীয়দের বরাতে চকরিয়া প্রতিনিধি জানান, সোমবার রাতে রিজার্ভ পাহাড় থেকে একটি বন্য হাতি জনবসতি এলাকায় আসার খবর ছড়িয়ে পড়ে। এসময় তাহেরা হাতি দেখতে ঘর থেকে বের হন। রাস্তায় পৌঁছামাত্র হাতির সামনে পড়েন তিনি। এসময় হাতিটি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে মারে তাকে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া বিষয়টি সিনিয়র কমকর্তাদের অবহিত করা হয়েছে।

এদিকে স্থানীয়দের বরাতে আনোয়ারা প্রতিনিধি জানান, সোমবার সন্ধ্যার দিকে প্রায় চার হাতির একটি পাল নতুন গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। এসময় ভয়ে পাড়ার অনেকেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাতির পাল তাড়িয়ে দেয়। এরপর রাত ১০টার দিকে হালিমা খাতুন পুরাতন গুচ্ছগ্রামের এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণে শিকার হয়ে মারা যান। আজ সকালে স্থানীয়রা পাহাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিবারকে সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

এমকেডি/জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm