কক্সবাজারের চকরিয়ায় অপহৃত নারী হোসনে আরা বেগমকে (৪৩) উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী দলের সদস্য রমজান আলীকে (৩৫)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অপহৃত হোসনে আরা বেগম পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার নাভাঙ্গা এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরা বেগমকে অপহরণ করে মালুমঘাট পূর্বপাড়ার একটি ঘরে আটকে রাখা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি অস্ত্রসহ আটক করা হয় রমজান আলীকে। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আলোকিত চট্টগ্রামকে বলেন, অপহরণের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। রমজান আলী নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


