মায়ার ভুবন ছেড়ে গেছেন ঘূর্ণি বলের মায়াবী, কিংবদন্তী ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন।
শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় মাত্র ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় ভিলায় (কোহ সামুই অবকাশ এলাকার) পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: মায়াবী এক গান ‘মানিকে মাগে’ (ভিডিওসহ)
বিবৃতিতে বলা হয়, এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ওয়ার্নের পরিবার। বিস্তারিত পরে জানানো হবে।
১৫ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ার একের পর এক সাফল্যে সাজিয়েছিলেন শেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। তার চেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন।
এছাড়া ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন।
আলোকিত চট্টগ্রাম
