গোয়ালঘর থেকে গরু নিয়ে পাহাড়ে জবাই—মাথা রেখে নিয়ে গেল মাংস, আটক ৩

গোয়ালঘরে বাঁধা ছিল গরু। রাতের আঁধারে চোরের দল গোয়াল ঘর থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। পরে পাহাড়ে নিয়ে গরুটি জবাই করে। এরপর মাংস নিয়ে গেলেও রেখে যায় মাথা। সকালে গরু না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জবাই করা গরুর মাথা পড়ে থাকতে দেখেন গরুর মালিক।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া গরুর মালিক টইটং জুমপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম। তাঁর গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে পাহাড়ে জবাই করা হয় বলে অভিযোগ। বুধবার (৭ অক্টোবর) সকালে কাটা মাথাটি উদ্ধার করেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনায় পুলিশ রাজাখালী, টইটং ও বারবাকিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। একইসঙ্গে জব্দ করেছে জবাই করা গরুর মাংসও। আটকরা হলেন— পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজিরপাড়ার বাসিন্দা সমশুল আলমের ছেলে ইউনুছ, টইটং জুমপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে তৌহিদ এবং বারবাকিয়া ইউনিয়নের অপর একজন।

গরুর মালিক আবুল কাশেম বলেন, আট মাস আগে এক লাখ টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। এখন গরুটির দাম প্রায় দুই লাখ টাকা। কিন্তু গতকাল রাতে চোরের দল গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে না পেয়ে পাহাড়ের দিকে খুঁজতে যাই। একপর্যায়ে সেখানে জবাই করা গরুটির মাথা পড়ে থাকতে দেখি। দৃশ্যটি দেখে খুবই কষ্ট পেয়েছি। পুলিশ পরে তিনজনকে আটক করেছে। রাজাখালী থেকে মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করব।

জানতে চাইলে পেকুয়া থানার এসআই কৃষান আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm