চট্টগ্রাম নগরে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও বিদেশি সিগারেটসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার বিমানবন্দর মোড় এলাকার চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাটন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন— মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।
আরও পড়ুন : গাড়িতে ৫০ কেজি গাঁজা রেখে পুলিশ দেখে পালাল চালক
পুলিশ জানায়, এয়ারপোর্ট মোড়ে চেকপোস্টে সন্দেহজনক একটি গাড়ি তল্লাশির সময় ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং পরে তাদের দেওয়া তথ্যে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আটক ৫ জনের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আটকদের সঙ্গে আন্তর্জাতিক চোরাচালানীদের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


