সীতাকুণ্ডে ট্রাক ও লরির সংঘর্ষে আসাদুল ইসলাম (২৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় লরিটি আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন শীতলপুর চৌধুরীঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম নেত্রকোনার বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: ট্রাককে ধাক্কা দিতেই প্রাণ গেল কার চালকের, ৩ যাত্রী রক্তাক্ত
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের স্টিল মিলের সড়ক থেকে একটি বেপরোয়া লরি মহাসড়কে হঠাৎ উঠে যায়। এসময় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ট্রাকচালক।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. আলমগীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গাড়ি দুটি একমুখী ছিল। লরিটি আবুল খায়ের স্টিল মিলের ভেতরের সড়ক থেকে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা দিলে ট্রাকচালক নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে।


