কুকি চিনের সঙ্গে লামার পৌর মেয়রকে জড়িয়ে স্ট্যাটাস—তদন্তে ৪ ফেসবুক আইডি

বান্দরবানের লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির কাজী মুজিবুর রহমানের সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আঁতাত রয়েছে— এমন স্ট্যাটাস দেওয়া চারটি ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডি বান্দরবানকে তদন্তের আদেশ দিয়েছেন।

বুধবার (১২ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এ আদেশ দেন।

মামলায় অভিযুক্ত ফেসবুক আইডিগুলো হলো— বিউটি কুইন্স লামা, মি. গুরুজী, অরণ্য রাণী লামা ও জাতির বিবেক।

আলোকিত চট্টগ্রামকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আরও পড়ুন : দাওয়াত না পেয়ে স্কুলের অনুষ্ঠান পণ্ড, সেই চেয়ারম্যানের মামলা তদন্তে পিবিআই

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত মামলা আমলে নিয়ে সিআইডি বান্দরবানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির জন্য আগামী ২১ আগস্ট ধার্য করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জহির কাজী মুজিবুর রহমান লামা পৌরসভার দুবারের নির্বাচিত মেয়র। একইসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। মামলায় অভিযুক্ত আসামিরা তাদের ফেসবুক আইডি থেকে বাদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ, উস্কানিমূলক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টমূলক এবং কুকি চিন নামের দেশদ্রোহী উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িয়ে অসত্য ও মানহানিকর বক্তব্য প্রচার করছে। ফলে এলাকায় দাঙ্গা-হাঙ্গামাসহ আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় আশঙ্কা সৃষ্টি হয়েছে। এছাড়া আসামিরা তার পারিবারিক বিষয় নিয়েও কুরুচিপূর্ণ ও অসত্য স্ট্যাটাস দেয়।

এ বিষয়ে বান্দরবান জেলার লামা পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির কাজী মুজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার পৌর এলাকায় দেশদ্রোহী-উগ্রবাদী সংগঠনের কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কোনো অস্তিত্ব নেই। আসামিরা শুধু আমাকে নয়, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকেও জড়িয়েছেন এমন নোংরামিতে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm