কিশোর গ্যাংয়ের হামলা, মৃত্যুর কাছে হার মানল সেই সাব্বির

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় ছুরিকাঘাতে আহত কলেজছাত্র ওয়াহিদুল আলম সাব্বির (১৮) মারা গেছেন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২১ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

সাব্বির নগরের হালিশহর নতুনবাজার এলাকার মো. এছহাকের ছেলে এবং চট্টগ্রাম আইডিয়াল টেকনিক্যাল স্কুলের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

পরিবার জানায়, গত শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে বাড়ির কাছে একদল সমবয়সী যুবক সাব্বিরকে ডেকে নিয়ে যায়। পরে তাকে লোহার রড দিয়ে পেটানোর পর ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

যোগাযোগ করা হলে হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব থেকেই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm