কলেজছাত্র খুন—হালিশহর থানা ঘেরাও, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নগরের হালিশহরে কলেজছাত্র সাব্বির খুনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা। খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে দেওয়া হয়েছে ৭২ ঘণ্টার আলটিমেটাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় হালিশহর থানা ঘেরাও করে বিক্ষোভ করা হয়। এ সময় থানার সামনে অবস্থান নিয়ে সবাই স্লোগান দিতে থাকেন। এর আগে সাব্বিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মিছিল নিয়ে থানার সামনে জড়ো হয় এলাকার লোকজন।

এদিকে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের হামলা, মৃত্যুর কাছে হার মানল সেই সাব্বির

এর আগে বুধবার (২১ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির। তিনি হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার বাসিন্দা মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র সন্তান ছিলেন তিনি।

এদিকে মৃত্যুর আগে এক সাংবাদিককে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাব্বির হামলাকারীদের নাম-পরিচয় জানান। এসময় তিনি বলেন, বড় ভাই না মানায় কিশোর গ্যাং নেতা আবিদের নেতৃত্বে ৩০-৪০ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। আতাউল নামের একজন তার পেটে ছুরিকাঘাত করে। আরও দুই হামলাকারী হিসেবে তিনি বিজয় ও রাফসানের নাম উল্লেখ করেন।

এ বিষয়ে হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এলাকার কয়েকটি কিশোর গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm