কক্সবাজারে তারকা হোটেলের নকল ফেসবুক আইডি খুলে পর্যটকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। শক্তিশালী সেই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের বেশ কয়েকটি নামিদামি হোটেলের নকল ফেসবুক আইডি দিয়ে প্রতারণা করে আসছিল। ভুয়া পরিচয়ে পর্যটকের কাছ থেকে টাকা লেনদেনের সময় এবার অনুরুদ্ধ বড়ুয়া ওশান নামের এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে।
রোববার (৩ মে) সন্ধ্যায় সী ক্রাউন হোটেল কর্তৃপক্ষ তাকে আটক করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সী ক্রাউন হোটেলের জেনারেল ম্যানেজার ইকবাল মহসিন জানান, দীর্ঘদিন ধরে তাদের হোটেলের নাম দিয়ে ওয়েবসাইট খুলে পর্যটকদের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় পর্যটকদের রুম বুকিং বাবদ এক লাখ টাকার লেনদেন করছিল শহরের এন্ডারসন রোডের অরুপ বড়ুয়া তপুর ছেলে অনুরুদ্ধ বড়ুয়া ওশান। সন্দেহ হওয়ায় ওই পর্যটক সী ক্রাউন হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষ ওশানকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, আমাদের হোটেলের নাম দিয়ে এর আগেও ফেসবুক আইডি খুলে পর্যটকদের সঙ্গে প্রতারণার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা ও ঢাকার ধানমন্ডি থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, পর্যটকের সঙ্গে প্রতারণার দায়ে এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে হোটেল সী ক্রাউন কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষ লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/আলোকিত চট্টগ্রাম


