ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে দুমড়েমুচড়ে দিল পিকআপ, ৬ লাশ

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর পলাতক পিকআপভ্যান চালক।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নুরুনাহার বেগম (৪০), মিনু মারমা (৩৫), মো. আবু তোরাব (৫০), মো. মাহাবুবুর রহমান (৫৫), জয়নাল আবেদীন (৬০) ও মো. ইজাদুল (২৫)। এদের মধ্যে দুই নারী রাঙামাটির এবং বাকিরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আতঙ্ক ‘বিএসআরএম’, এক দিনে ২ লাশ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্র জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে বেতবুনিয়া বাজার থেকে একটি অটোরিকশা চট্টগ্রামের দিকে যায় এবং বিপরীত থেকে একটি পিকআপ আসে। অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, আজ সকালে আমার স্ত্রী বেতবুনিয়ায় বাজার করতে আসে। অটোরিকশা করে যাওয়ার সময় একটি পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় আমার স্ত্রীসহ গাড়িতে থাকা বেশকয়েকজন ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্ঘটনায় দোষী গাড়ি চালকে আইনের আওতায় আনা হবে।

রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন জানান, কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm