দেশে এবার ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা যান ১৪৮ জন। এছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে’তে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯২ হাজার ২১৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৩০ জন। এছাড়া খুলনায় ৩৭৬ জন, বরিশালে ২০০ জন, চট্টগ্রামে ২১৬ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১১০ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
আলোকিত চট্টগ্রাম


