এক দুর্ঘটনায় নিভে গেল ৪ প্রাণ, হাসপাতালে লড়ছেন ৫ জন

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিভে গেছে ৪ প্রাণ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম- উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমান ছেলে মো.জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮), খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন— ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসাপাড়ার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো.সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। তারা সদর হাসপাতাল এবং মালুমঘাটের খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যোগাযোগ করা হলে মালুমঘাট হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর শামসুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নম্বরবিহীন চার চাকার জিটু গাড়িটি যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজারমুখী যাত্রীবাহী লাল-সবুজ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটি দুমড়েমুচড়ে চালক ও ৮ যাত্রী গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কয়েকজনকে সদর হাসপাতালে এবং কয়েকজনকে খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেয়। এর মধ্যে ৪ জন মারা গেছেন। বাকি ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm