ঋণের টাকা শোধ হচ্ছে না, পৃথিবীকেই বিদায় ৩ সন্তানের মায়ের

সাতকানিয়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহনন করেছেন তিন সন্তানের মা মমতাজ বেগম (৪০)।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক খলিফার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জাফর আহমদের স্ত্রী মমতাজ বেগম পারিবারিক আর্থিক দৈন্যতার কারণে বাড়ির পাশের লোকজন ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ধার করা টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আজ সকালে স্বামী ও ছেলেকে ঘুম থেকে ডেকে দেন তিনি। তারা ঘুম থেকে উঠে পাশের পুকুরে মুখ ধুতে গেলে মমতাজ বেগম ঘরের ছাদের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহনন করেন।

মমতাজের ছেলে জিহাদুল ইসলাম জানান, আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল। আমার মা বিভিন্ন সময় এলাকার লোকজন ও আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আজ সকালে তিনি আত্মহনন করেন।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm