কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ মহসড়কের থাইংখালী মরাগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। লিটন উখিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন : অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে বাইক, মুহূর্তেই লাশ যুবক
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টেকনাফমুখী বাসের নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা দুজন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান।
উখিয়া শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করেছে নিহতদের পরিবার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, নিহত লিটন ও আব্দুর রহমানের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বিডি/আরবি


