ঈদের বোনাস দাবিতে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক ঈদের বোনাস দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরের ইপিজেড মোড়ে প্রায় ৩০০ শ্রমিক জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে সকাল ১০টা ৪০ মিনিটে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন : কেইপিজেডে বিদেশি বিনিয়োগকারীরা

শিল্প পুলিশ জানায়, জেএনএফ করপোরেশনের অধীন ‘মডেস্টি’ কারখানার প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক ঈদের বোনাস না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন। মালিকপক্ষ ১৭ এপ্রিলের মধ্যে বোনাস দেওয়ার আশ্বাস দিলেও তা মেনে নিতে রাজি নন শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে। অবশেষে মালিকপক্ষ দ্রুততম সময়ের মধ্যে বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সোলাইমান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাৎক্ষণিকভাবে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মালিকপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, শনিবার (৫ এপ্রিল) দুপুরে ইপিজেডে একটি কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm