লোভনীয় অফারের ফাঁদে ফেলে নগরের অক্সিজেন এলাকায় চলে প্রতারণা। ‘আস্থা মাল্টিপারপাস সার্ভিস লিমিটেড’ নামকে পুঁজি করে চক্রটি হাতিয়ে নেয় ২৫ লাখ টাকা।
এদিকে প্রতারণার বিষয়টি বুঝতে পারে কয়েকজন গ্রাহক। তারা সেই মাল্টিপারপাস অফিসে এসে আটক করে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ম্যানেজারকে। শনিবার (১৮ মে) তাদের তুলে দেওয়া হয় বায়েজিদ থানা পুলিশের হাতে। এসময় তাদের কাছ থেকে ১২৭টি সঞ্চয় ও ঋণ পাস বই এবং ৫৭৬টি সদস্য আবেদন ফরম উদ্ধার করা হয়।
আটকরা হলেন— আস্থা মাল্টিপারপাস সার্ভিস লিমিটেডের এমডি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চর হবলা বুনিয়া ইউনিয়নের হালিম হাওলাদারের ছেলে মেহেদী হাসান সবুজ (৩৫) এবং ম্যানেজার বাগেরহাট থানার সরণখোলা চালিতাবুনিয়া ইউনিয়নের আসলাম হোসেন খানের ছেলে মো. জাফরুল হাসান খান (২৮)।
জানা গেছে, ১৯ এপ্রিল নগরের অক্সিজেন কাঁচাবাজার এলাকার তারেক ভবনে মেহেদী হাসান সবুজ ও জাফরুল হাসান খান নামে দুপ্রতারক আস্থা মাল্টিপারপাস সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে। সেখানে সদস্য হতে ফি নেওয়া হয় ২০০ টাকা। এছাড়া ১০ হাজার টাকা জমা দিলে সাতদিনের মধ্যে ১ লাখ এবং ২০ হাজার টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণের প্রলোভন দেখানো হয়। এছাড়া পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা ভাতাসহ নানা সুবিধা দেওয়ার ঘোষণা দেয়। এভাবে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে।
চলতি মাসের ১৮ মে ঋণ দেওয়ার কথা ছিল সদস্যদের। কিন্ত এদিন সকালে সদস্যরা গিয়ে দেখেন অফিসে তালা মারা। এসময় উত্তেজিত সদস্যরা দুজনকে ধরে পুলিশে দেয়। পরে অফিসে থেকে ১২৭টি আস্থা মাল্টিপারপাস সার্ভিসের সঞ্চয় ও ঋণ পাস বই এবং ৫৭৬টি সদস্য আবেদন ফরম উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, এনজিও খুলে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীরা দুজনকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


