আন্দোলনে অস্ত্র সরবরাহ হতো রাউজান থেকে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্ট যখন চিটাগং শহরে আন্দোলন চলছিল এই রাউজান থেকে অস্ত্র সরবরাহ করা হতো।

সোমবার (২৬ মে) বিকেলে রাউজান পৌরসভার জলিল নগর জানে আলম পেট্রোল পাম্পের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বারবার করে বলছি, যারা ভূমিদস্যু, যারা জমিদস্যু, যারা ভোটদস্যু, যারা মানুষের জীবনদস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আমি এখানে আসার আগে অনেকেই বলেছে রাউজান ঝুঁকিপূর্ণ এলাকা। আমি বলতে চাই এই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের নয়। ৫৬ হাজার বর্গমাইলে আমাদের এই পুরো জমিটাই। যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে এই ৫৬ হাজার বর্গমাইল পুরো ভূমিটাই তাদের।

আরও পড়ুন : উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা উদ্দেশ্যপ্রণোদিত : হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, প্রিয় রাউজানবাসী, দীর্ঘ সময় ধরে আপনার নির্যাতন-নিপীড়নের মধ্যদিয়ে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আওয়ামী ফ্যাসিস্ট বানিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি এখনও বিচারবর্হিভূত, বিভিন্ন বিচারের রায় দেওয়া হতো এবং বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো। মনে রাখতে হবে, এই আসমানের নিচে যারা জুলুম করবে তখন মজলুম আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ এবং মজলুমের মধ্যে ফারাক থাকে না।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা ও অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm